গণভোটের রায় বাস্তবায়ন না হলে প্রয়োজনে ১ দফার ডাক: ডা. শফিকুর
গণভোটের গণরায় সংসদের মাধ্যমে বাস্তবায়ন না হলে সরকার পতনের একদফার আন্দোলনের ডাক দিতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
ডা. শফিকুর রহমান বলেন, ‘‘সংসদে সমস্যার সমাধান না হলে আজকের সাত দফা শেষ পর্যন্ত এক দফায় রূপান্তরিত হবে।’’
শনিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় সাত দফা দাবিতে ঢাকা-খুলনা-কুষ্টিয়া অভিমুখী ১১ দলের লংমার্চে যশোরের মুড়লী মোড়ের পথসভায় তিনি এ কথা বলেন।
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, ‘‘আমরা সংসদে বসেই গণভোটের গণরায় ও জুলাই হত্যাকাণ্ডের দ্রুত বিচার কার্যক্রম সম্পন্নসহ ৭ দফা দাবির সমাধান করতে চাই। কিন্তু তা নাহলে আবারও দেশের জনগণকে সাথে নিয়ে গণবিপ্লবের ডাক দেওয়া হবে। প্রয়োজনে সরকার পতনের একদফার আন্দোলনের ডাক দিতে আমাদের বাধ্য করবেন না।’’
পথসভায় জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া অধ্যাপক গোলাম পরওয়ার, সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ, এনসিপির যুগ্ম সদস্য সচিব সাঈদ মোস্তাফিজ, মুস্তাফিজুর রহমান ইরান, প্রকৌশলী রাশেদ প্রধান, এলডিপির বিল্লাল হোসেন নিয়াজী, বিডিপির চেয়ারম্যান আনোয়ার হোসেন চান, মুফতি শরাফত হোসেন বক্তব্য রাখেন। লংমার্চের এই পথসভা শেষ পর্যন্ত জনসভায় রূপ নেয়।
যশোরের পথসভা শেষে জামায়াতে আমিরের নেতৃত্বে লংমার্চের গাড়িবহর শহরের মণিহার, বারান্দীপাড়া, শেখহাটি হাইকোর্ট মোড়, নতুন উপশহর খাজুরা বাসস্ট্যান্ড, পালবাড়ি, চুড়ামনকাটি, সাতমাইল হয়ে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা হয়ে ঝিনাইদহের উদ্দেশ্যে রওনা হয়। এ সময় রাস্তার দুইপাশে শত শত নারী-পুরুষ দাঁড়িয়ে লংমার্চের বহরকে স্বাগত জানান।
LIMON

আপনার মূল্যবান মতামত দিন: